ফের হাতির হানায় এক মহিলার মৃত্যু
দি নিউজ লায়ন; বাঁকুড়ায় হাতির হানায় ফের মৃত্যু হল এক মহিলার। বুধবার কাকভোরে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বারবেন্দা গ্রামে হাতির হানায় মৃত্যু হয় বছর ৪৮ এর মিঠু ঘোষ নামের এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালে গ্রাম লাগোয়া একটি পুকুরে প্রাতঃকৃত্য সারতে যান মিঠু ঘোষ।
সেই সময় আচমকাই একটি হাতি ওই পুকুর সংলগ্ন এলাকায় হাজির হয়ে পিছন থেকে হামলা চালায় তাঁর উপর। প্রথমে ওই গৃহবধূকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে হাতিটি। পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা হাতিটিকে তাড়া করলে হাতিটি পার্শ্ববর্তী বারবেন্দার জঙ্গলে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা বন দফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। বন দফতরের বেলিয়াতোড় রেঞ্জের রেঞ্জ অফিসার মহিদুল ইসলাম বলেন, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এলাকায় আতঙ্ক থাকায় গ্রামে বন কর্মী মোতায়েন করা হয়েছে। আতঙ্ক কাটাতে এলাকায় প্রচার শুরু হয়েছে।

Post a Comment